প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 1, 2026 ইং
গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলিসহ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শটগান, গুলি, মাদকদ্রব্যসহ প্রায় ১ কোটি ৭৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ অপারেশন দল গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ, একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, কসমেটিকস, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক, মসলা এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। জব্দ করা মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬